ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নিজ এলাকায় দায়িত্ব পালন করবেন না আনসাররা

অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যরা নিজ এলাকায় দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীকসংবলিত ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে ইসি, ইতিমধ্যে ২১ জেলায় ব্যালট পৌঁছেছে। এছাড়া গতকাল সোমবার পর্যন্ত ৫ লাখের বেশি প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বলে জানা গেছে।

আনসার সদস্যদের নিজ এলাকার বাইরে দায়িত্ব পালন সংক্রান্ত প্রজ্ঞাপন ও নির্দেশনা ইসি থেকে সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর পাঠানো হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম। একই সঙ্গে, আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতে নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিশ্চিতকরণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের স্ব-স্ব ইউনিয়নে পদায়ন না করার জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

২১ জেলায় ব্যালট পাঠাল ইসি: আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে ইসি। গত রবিবার ও গতকাল সোমবার দুইদিনে দেশের ২১ জেলায় ব্যালট পাঠাল ইসি। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ লাখ ২৪ হাজার ১৬৬ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত দেশে এসে পৌঁছেছে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট। গতকাল সোমবার ওসিভি এবং আইসিপিভি প্রকল্পের টিম লিডার ড. সালীম আহমাদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রবাসীদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৪ লাখ ১৮ হাজার ৯৬২টি ব্যালট এখনো সংশ্লিষ্ট দেশের পোস্ট বক্সে রয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৮৫৯টি ব্যালট রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে। প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, তাদের তথ্যও জানিয়েছে ইসি। সোমবার পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। ভোটাররা ডাকবক্সে জমা দিয়েছেন ২৯ হাজার ৩৩৪টি ব্যালট।

Related Articles

Back to top button