ধর্ষণচেষ্টার মামলা খারিজ, পাল্টা মামলায় বাদী নারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: ঝিনাইদহে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করার পর সেই অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলাটি খারিজ করেছে আদালত।

পরে ওই ব্যবসায়ীর দায়ের করা পাল্টা মামলায় ধর্ষণচেষ্টা মামলার বাদী বিউটি খাতুন (৪৫) নামে ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. বসির উদ্দীন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার বিউটি খাতুন শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের বাবর আলীর মেয়ে।

আদালত সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার চরমুরারিদহ গ্রামের একটি জমি নিয়ে বিউটি খাতুনের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী মিরাজ জামান রাজের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে বিউটি খাতুন মিরাজ জামান রাজের বিরুদ্ধে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (খ) ধারায় করা ওই মামলায় অভিযোগের তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় আদালত মামলাটি খারিজ করে দেন। এরপর মিরাজ জামান রাজ বাদী হয়ে বিউটি খাতুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাল্টা মামলা করেন। নারী ও শিশু পিটিশন নম্বর ৯১/২০২৬। আদালত পিটিশনটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় বিউটি খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ব্যবসায়ী মিরাজ জামান রাজ বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরেই তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা করা হয়েছিল। পিবিআইয়ের তদন্ত ও দীর্ঘ আইনি প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

পরে আদালত মামলাটি খারিজ করেন। মিথ্যা অভিযোগে মামলা করে তাকে হয়রানি ও মানহানি করার কারণে তিনি আইনি প্রতিকার চেয়ে পাল্টা মামলা করেছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বিউটি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Related Articles

Back to top button