‘এত দীর্ঘ ও তীব্র চুমুর দৃশ্য এর আগে কখনো করিনি’

অনলাইন ডেস্ক: দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা কিম জি সোক ও অভিনেত্রী লি মিন জুং অভিনীত নতুন নাটক ‘ওকে! লেটস গেট ডিভোর্স’-এর একটি চুমুর দৃশ্যের শুটিং করতে গিয়ে তাদের দীর্ঘ সময় পার করতে হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর লি মিন জুংয়ের ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজেদের বন্ধুত্ব ও নাটকে স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করার নানা অভিজ্ঞতা শেয়ার করার সময় এই তথ্য জানান কিম জি সোক।

অনুষ্ঠানে মিথ্যা শনাক্তকারী যন্ত্রের মজার এক খেলায় অংশ নিয়ে কিম জি সোক সহকর্মী লি মিন জুংকে প্রশ্ন করেন, তার সঙ্গে চুমুর দৃশ্যের শুটিং শেষ করে বাড়ি ফেরার পর অভিনেত্রীর কোনো অপরাধবোধ হয়েছিল কি না। উত্তরে লি মিন জুং ‘না’ সূচক জবাব দিলে মিথ্যা শনাক্তকারী যন্ত্র সত্যতা নিশ্চিত করে। এতে অবাক হয়ে কিম জি সোক জানান, তার নিজের ঠিকই অপরাধবোধ কাজ করেছিল।

এরপর দৃশ্যটির বিস্তারিত জানিয়ে কিম বলেন, ক্যারিয়ারে এর আগে তিনি কখনো এত দীর্ঘ ও তীব্র চুমুর দৃশ্যে অভিনয় করেননি। শুধু ওই চুমুর দৃশ্যটির শুটিং করতেই তাদের টানা চার ঘণ্টা সময় ব্যয় করতে হয়েছিল। শুটিংয়ের সময়ের একটি সমস্যার কথা উল্লেখ করে তিনি জানান, সেসময় তার মুখে দাড়ি থাকায় সহশিল্পী লি মিন জুংয়ের মুখে আঁচড় লেগে ত্বক লাল হয়ে গিয়েছিল।

অভিনয়ের খাতিরে এ ধরনের ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করার কথা স্বামী বা জীবনসঙ্গীকে জানানো প্রসঙ্গে লি মিন জুং রসিকতা করে বলেন, তারা যদি সাধারণ প্রেমের সম্পর্কে থাকতেন তবে হয়তো জানানো যেত, কিন্তু বিবাহিত ও দুই সন্তানের জননী হওয়ার পর ‘আজ আমি চুমুর দৃশ্যে শুটিং করতে যাচ্ছি’—এভাবে বলাটা বেশ হাস্যকর শোনায়। উল্লেখ্য, লি মিন জুং ২০১৩ সালে প্রখ্যাত অভিনেতা লি বিয়ং হুনকে বিয়ে করেন এবং তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।

Related Articles

Back to top button