৩০০ আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে: খায়রুল কবির খোকন

অনলাইন ডেস্ক: দেশের প্রতিটি সংসদীয় আসনে দুটি করে মোট ৬০০টি ক্যাডেট কলেজের মানের শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, সাধারণ শিক্ষার্থীদের জন্য অতি নামমাত্র খরচে এসব মানসম্মত প্রতিষ্ঠানে পড়াশোনার সুবর্ণ সুযোগ তৈরি করা হবে।

গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সদর উপজেলার ৪০০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

খায়রুল কবির খোকন বলেন, প্রতিটি সংসদীয় আসনে ক্যাডেট কলেজের স্ট্যান্ডার্ড বা মান বজায় রেখে দুটি করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম বড় সাফল্য। নরসিংদী সদর এলাকাতেও এমন দুটি প্রতিষ্ঠান স্থাপন করা হবে, যেখানে মেধাবী শিক্ষার্থীরা পড়ালেখার সুযোগ পেয়ে আরও ভালো ফলাফল অর্জনে সক্ষম হবে। শিক্ষা খাতের ডিজিটাল অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি বলেন, অতীতে পেনশনের জন্য কিংবা বদলির কাজে শিক্ষকদের চরম দাপ্তরিক জটিলতা ও আর্থিক হয়রানির শিকার হতে হতো। কিন্তু বর্তমান অনলাইন ব্যবস্থার কারণে সেই ‘লাল ফিতার দৌরাত্ম্য’ দূর হয়েছে। এখন অবসরপ্রাপ্ত শিক্ষকদের আর পেনশনের টাকার জন্য অফিসে অফিসে ঘুরতে হবে না, সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল পদ্ধতিতে টাকা পৌঁছে যাবে।

শিক্ষকদের বদলি ও পদায়ন প্রসঙ্গে এমপি খায়রুল কবির খোকন স্পষ্ট জানান যে, বদলির ক্ষেত্রে অতীতের মতো কোনো প্রভাবশালী ভিআইপি বা শিক্ষামন্ত্রী এককভাবে হস্তক্ষেপ করতে পারবেন না। নতুন নীতিমালা অনুযায়ী কেবল যৌক্তিক কিংবা মানবিক কারণ বিদ্যমান থাকলেই শিক্ষকরা বদলির সুযোগ পাবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button