প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবেশীকে হত্যা মামলায় ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের মেয়েকে গলা কেটে হত্যার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার (২৪ আগস্ট) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শরীফ আলী কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের আরিফ মিয়ার ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাতে পূর্ব ভানুবিল গ্রামে নিজেদের বসতঘরে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছরের মেয়ে রুনা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন শরীফ আলী। পরে নিহত শিশুর মা ও শরীফের স্ত্রী নেকজান বিবি বাদী হয়ে মামলা করেন।

মামলাটি তদন্ত করতে গিয়ে পুলিশ হত্যাকাণ্ডের পেছনের কারণ জানতে পারে। তদন্তে উঠে আসে, স্থানীয় সালেক মিয়াকে হত্যার ঘটনায় ফাঁসানোর পরিকল্পনা থেকেই শরীফ আলী নিজের মেয়েকে হত্যা করেছিলেন। পরে পুলিশ তাকে আটক করলে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

দীর্ঘ ১২ বছর ধরে মামলাটির শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত শরীফ আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

Related Articles

Back to top button