ইরান যুদ্ধে সেনাসদস্যদের দুর্ভোগ, শুনানির দাবি মার্কিন সিনেটরদের 

অনলাইন ডেস্ক: ইরান যুদ্ধে নিয়োজিত সেনাসদস্যদের দুর্দশা এবং দীর্ঘায়িত মোতায়েনের অব্যবসাপনা নিয়ে একটি সংসদীয় শুনানির আয়োজন করতে মার্কিন প্রতিরক্ষা কমিটির কাছে দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ১২ জন সিনেটর।

ইলিনয়ের সিনেটর ট্যামি ডাকওয়ার্থের নেতৃত্বে আইনপ্রণেতারা কমিটির চেয়ারম্যান রজার উইকারকে এই বিষয়ে একটি চিঠি পাঠান। চিঠিতে তারা নৌঘাঁটি ও যুদ্ধজাহাজগুলোতে প্রতিরক্ষা বিভাগের দুর্বল ব্যবস্থাপনা তুলে ধরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে একটি উন্মুক্ত শুনানির অনুরোধ জানান।

সিনেটররা ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি এবং জাহাজের পরিবেশ অবনতির বিষয়টি সামনে এনেছেন। তারা সামরিক নেতৃত্বের দূরদর্শিতার অভাব এবং নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারাকে সেনাসদস্যদের দুর্ভোগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

বর্তমান প্রশাসন এই যুদ্ধ শেষ করতে না পারা এবং সেনাদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছানোর মতো নিরাপদ পরিবেশ তৈরিতে ব্যর্থ হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। পর্যাপ্ত সহায়তা ও সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া সেনাসদস্যদের এভাবে ঝুঁকিতে ফেলার বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।

এই যুদ্ধ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সামনের দিনগুলোতে সাধারণ সেনাদের আরও বড় ধরনের মূল্য দিতে হতে পারে বলে চিঠিতে সতর্ক করা হয়।

সূত্র: মিডল ইস্ট আই

Related Articles

Back to top button