গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে দুই বছর: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশের চলমান গ্যাস সংকট কাটিয়ে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
গতকাল শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে একটি কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে জ্বালানি সংকটের চ্যালেঞ্জ এখন স্পষ্ট। এ পরিস্থিতি থেকে স্থায়ীভাবে উত্তরণে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে যে সময় প্রয়োজন, তা দিতে হবে। সংকট মোকাবিলায় সরকার প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
তিনি বলেন, আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো জরুরি। এ কারণে গ্যাস সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে।
এদিকে দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির চেষ্টা চলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।




