সামিট এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু

অনলাইন ডেস্ক: সামিট এলএনজি টার্মিনাল থেকে আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে টার্মিনালটি জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সামিট জানিয়েছে, ধাপে ধাপে সরবরাহ বাড়ানো হবে। শনিবার (১৫ আগস্ট) রাত ২টার দিকে টার্মিনালটি প্রায় পূর্ণ সক্ষমতায় দৈনিক ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বাড়লে শিল্প ও বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের প্রাপ্যতা বাড়বে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কিছুটা কমবে।

সামিট এলএনজি বলেছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ ও নির্ভরযোগ্য কার্যক্রম বজায় রেখে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহে তারা কাজ করছে।

প্রতিষ্ঠানটির মতে, পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ শিল্পের প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্যাসের ঘাটতি কমাতে পেট্রোবাংলা ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে সামিট।

Related Articles

Back to top button