৯০’এর ছাত্র-জনতার আন্দোলনে মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী

অনলাইন ডেস্ক: বেগম খালেদা জিয়াকে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ছাত্র-জনতার সংগ্রামের ‘মূর্ত প্রতীক’ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ সারা দেশে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির দলীয় কার্যালয়ে একযোগে এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী জানান, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক কার্যক্রম ও পারফরম্যান্স নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা।
রিজভী বলেন, ‘সরকারের প্রথম ছয় মাসের লক্ষ্য সফলভাবে পূরণ হয়েছে। গত ছয় মাসের সার্বিক কর্মকাণ্ডের পরিসংখ্যান দ্রুতই সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়া হবে। আগামী ছয় মাসে সরকারের কাজ আরও জোরালো ও কার্যকর রূপ নেবে।’
এ সময় সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, শপথ গ্রহণের আগে পদত্যাগ করার কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দায়িত্ববোধ থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
রিজভী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন এবং বিষয়টি তাঁর দায়িত্ববোধেরই প্রতিফলন।




