মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের একজনের মাথা ফেটে গেছে এবং অন্যজনের শরীরে ভাঙা কাচ ঢুকে জখম হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঢাকা মেট্রো-স ১৪-০১৯৪ নম্বরের ‘কালীগঙ্গা’ বাসটি শিক্ষার্থীদের নিয়ে সিংগাইরের দিকে যাচ্ছিল। পথে সাভারের হেমায়েতপুর এলাকায় একটি অটোরিকশার সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এ সময় অটোরিকশার আরোহী কাউসারের সঙ্গে বাসের যাত্রীদের কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, অটোরিকশাটি ওভারটেক করার সময় সাইড না দেওয়াকে কেন্দ্র করে বাসের কয়েকজন শিক্ষার্থী অটোরিকশাচালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে বাসের স্টাফ ও শিক্ষার্থীরা কাউসারকে মারধর করেন বলে তার পরিবারের অভিযোগ। পরে বাসটি ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে কাউসার কয়েকজন সহযোগীকে নিয়ে বাসটির ওপর হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

হামলার সময় গ্যাসের পাইপ দিয়ে বাসটির জানালার কাচ ভাঙচুর করা হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিম্বি আক্তার ও ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পূর্ণিমা আক্তারসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মানিকগঞ্জ ও সিংগাইর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, বাসটিতে হামলার ঘটনায় আনুমানিক ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর। একজনের মাথা ফেটে গেছে এবং আরেকজনের বুকে ভাঙা কাচ ঢুকেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, হামলার ঘটনায় ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। হামলায় নেতৃত্ব দেওয়া কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি, চালকসহ অনেকেই আহত হয়েছেন। একজন শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। আরও কয়েকজন আহত হয়েছেন।’

অন্যদিকে, কাউসারের বাবা আবু বক্কর সিদ্দিক বলেন, হেমায়েতপুর থেকে আসার পথে তার ছেলে কাউসারের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসের স্টাফ ও শিক্ষার্থীরা তার ছেলেকে মারধর করেন। পরে রাগান্বিত হয়ে কাউসার কয়েকজন সহযোগী নিয়ে বাসটির কয়েকটি কাচ ভাঙচুর করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, সড়কে একটি ঘটনার পর স্থানীয়ভাবে বাসটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটি ওই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত নয় বলে পুলিশ নিশ্চিত হয়েছে। তবে স্থানীয়রা হয়তো মনে করেছিলেন, ওই ঘটনায় বাসটি জড়িত।

ওসি আরও বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর তার সঙ্গে যোগাযোগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button