সিলেটে পুলিশের মাথায় কোপানোর ঘটনায় দুজন কারাগারে

অনলাইন ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন একটি পিকআপ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার (৮ আগস্ট) আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

কারাগারে পাঠানো দুই ডাকাত হলেন- জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ওয়াসার গ্রামের আব্দুল হাসিমের ছেলে মারুফ আহমদ (২০) এবং একই ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের কামাল আহমদের ছেলে দিদার আহমদ (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজার এলাকায় সন্দেহভাজন একটি পিকআপকে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ পিকআপটির পিছু নেয়। রাত পৌনে ১২টার দিকে সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এসআই মো. মোরশেদ আলম। এ সময় পিকআপের ভেতর থেকে এক ব্যক্তি রামদা দিয়ে তার মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। এসময় পিকআপটি ফেলে হাওরের দিকে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

পরে ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি চাকু ও বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ। আহত এসআই মো. মোরশেদ আলমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর অভিযানে নামে পুলিশ। শুক্রবার কালীগঞ্জ-আটগ্রাম সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় মারুফ আহমদ ও দিদার আহমদ নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘ডাকাত গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের এক সদস্যের ওপর হামলা চালানো হয়। গ্রেপ্তার দুইজনকে ডাকাতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। হামলায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেছেন। গ্রেপ্তারের পর আসামিরা শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

Related Articles

Back to top button