পালাতে গিয়ে পাঁচতলার কার্নিশে আটকা মাদ্রাসাছাত্রী, দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার

অনলাইন ডেস্ক: ফেনীতে ছয়তলা ভবনের পাঁচতলার সরু কার্নিশে আটকা পড়া ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

গতকাল শনিবার (৮ আগস্ট) ফেনী শহরের একটি আবাসিক মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ওই ছাত্রী মাদ্রাসাটির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ, ফায়ার সার্ভিস ও মাদ্রাসা সূত্রে জানা যায়, ওই ছাত্রী মাদ্রাসায় পড়তে অনিচ্ছুক ছিল। সম্প্রতি সে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতেও চলে গিয়েছিল। পরে শনিবার সকালে তার বড় ভাই তাকে আবার মাদ্রাসায় রেখে যান। এর কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

একপর্যায়ে মাদ্রাসার পাঁচতলার একটি জানালার সরু কার্নিশে তাকে বসে থাকতে দেখা যায়। কার্নিশটিতে সে আটকা পড়েছিল। বিষয়টি জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশকেও বিষয়টি জানানো হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মামুন মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদ থেকে নিচে নামার সময় ওই ছাত্রী পাঁচতলার কার্নিশে আটকা পড়ে। এ অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ফায়ার সার্ভিসের সদস্যরা আন্তরিকতার সঙ্গে কাজ করে বেলা দুইটার দিকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

মাদ্রাসার মুহতামিম (প্রধান) বলেন, ছয় মাস আগে ওই ছাত্রীকে মাদ্রাসায় ভর্তি করা হয়। মাদ্রাসায় পড়াশোনার প্রতি তার অনীহা ছিল। এ কারণে এর আগে বেশ কয়েকবার সে বাড়ি চলে গিয়েছিল। শনিবার তাকে আবার মাদ্রাসায় দিয়ে যাওয়ার পর পালানোর চেষ্টা করলে পাঁচতলার কার্নিশে আটকা পড়ে। ঘটনার পরপরই তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন বলেন, পুলিশের উপস্থিতিতে ওই ছাত্রীকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি। তবে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

Related Articles

Back to top button