মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামায়াতের উদ্বেগ

অনলাইন ডেস্ক: রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

গতকাল শনিবার (২৫ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। পরে রাত ১১টা ৩৮ মিনিটে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্য জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলা। তাই এ ধরনের দেশবিরোধী তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম মৌলিক দায়িত্ব। এজন্য মেট্রোরেল স্টেশনসহ দেশের সব গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানান তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আহত পথচারীর প্রতিও সমবেদনা জানান। বোমা নিষ্ক্রিয় করার সময় স্প্লিন্টারের আঘাতে আহত ওই ব্যক্তির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এ ঘটনায় অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নাশকতা ঠেকাতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষাংশে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জীবন-সম্পদের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি যেকোনো ধরনের উসকানি ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

Related Articles

Back to top button