চট্টগ্রাম

আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার সময় যুবককে ছুরিকাঘাত
অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরীতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা দেখার সময় জনসমাগমের মধ্যে মো. আসাদুল হক (২১) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. আসাদুল হক বাঁশখালীর ছনুয়া এলাকার শিকদার বাড়ির ইয়াছিন আলীর ছেলে। তিনি নগরীর হামজারবাগ এলাকার সরওয়ারের বাড়িতে ভাড়া থাকেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা চলাকালে জনসমাগমের মধ্যে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত আসাদুল হককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে রাত ২টা ২৯ মিনিটে চমেক হাসপাতালে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। আহত আসাদুল হক বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানান তিনি।




