হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

অনলাইন ডেস্ক: হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মামলা গ্রহণের মতো উপাদান না থাকায় আবেদনটি নাকচ করা হয়েছে বলে জানিয়েছে আদালত।

গতকাল রোববার (১২ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক জানান, মামলা গ্রহণের উপাদান না থাকায় আদালত আবেদনটি খারিজ করেছেন।

এর আগে গত ৫ জুলাই হামে মারা যাওয়া ৯ মাস বয়সী সাউদা মুসকানের বাবা সিরাজুল ইসলাম আদালতে মামলার আবেদন করেন। সেদিন বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে ১২ জুলাই আদেশ ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছিল।

মামলার আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করার আবেদন জানানো হয়।

আবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ও মার্চের শুরুতে শরীয়তপুর সদরের ৯ মাস বয়সী সাউদা মুসকান মারাত্মক জ্বরে আক্রান্ত হয়। স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েও অবস্থার উন্নতি না হওয়ায় মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ তুলে ২২ মার্চ শিশুটিকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে আবেদনে বলা হয়, ২৬ মার্চ শিশুটির মায়ের হাতে অক্সিজেন সিলিন্ডার দিয়ে তা শিশুর মুখে লাগাতে বলা হয়। তিনি ব্যর্থ হলে কর্তব্যরত চিকিৎসক এক পরিচ্ছন্নতাকর্মীর মাধ্যমে অক্সিজেন প্রয়োগ করান। এর প্রায় দুই ঘণ্টা পর শিশুটির মৃত্যু হয়।

আবেদনে আরও দাবি করা হয়, শিশুদের টিকার সময়মতো সরবরাহ না থাকা, হাসপাতাল কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা এবং টিকা সংগ্রহ ও প্রয়োগে অন্তর্বর্তী সরকারের অবহেলার কারণে দেশে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে সাউদা মুসকানও একজন।

এতে আরও বলা হয়, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তিরা হামজনিত শিশুমৃত্যু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেননি। তাই অবহেলার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

এর আগে একই ধরনের অভিযোগে মুহাম্মদ ইউনূস, নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঢাকার আদালতে করা একাধিক মামলার আবেদনও খারিজ হয়েছে।

Related Articles

Back to top button