হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, মুক্তিতে বাধা নেই

অনলাইন ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু, সাঈদ আহমেদ রাজা ও জাহাঙ্গীর হোসেন।

আদেশের পর আইনজীবী মোতাহার হোসেন সাজু গণমাধ্যমকে জানান, যাত্রাবাড়ীর এই মামলাসহ এখন পর্যন্ত মোট আটটি মামলায় বিচারপতি খায়রুল হক জামিন লাভ করেছেন। তার বিরুদ্ধে বর্তমানে আর কোনো মামলা নেই এবং নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তারও দেখানো হয়নি। ফলে তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা থাকছে না।

এর আগে গত ২৩ মে পৃথক সাতটি মামলায় জামিন পেয়েছিলেন সাবেক এই প্রধান বিচারপতি। তবে ওইদিনই তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে খোয়াইব নিহতের ঘটনায় দায়ের করা নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে প্রাণ হারান খোয়াইব। ওই বছরের ১৬ নভেম্বর নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে ওই মামলায় আসামি করা হয়েছিল। সেই মামলারই অন্যতম আসামি হিসেবে কারাগারে ছিলেন এ বি এম খায়রুল হক।

Related Articles

Back to top button