সাবেক মন্ত্রী শাজাহান খান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

অনলাইন ডেস্ক: সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার (২৯ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, শাজাহান খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ১১ কোটি ৩৬ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার নিয়ন্ত্রণাধীন নয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৮৬ কোটি ৬৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থপাচারের অভিযোগ তদন্তাধীন। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুদক আইনে মামলা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, আয়কর আইন, ২০২৩-এর ৩০৯(৩)(ক) ধারা অনুযায়ী কোনো ব্যক্তির আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথি সংগ্রহে আদালতের অনুমোদন প্রয়োজন। তদন্তের স্বার্থে শাজাহান খানের আয়কর রিটার্নের মূল কপি জব্দ এবং পর্যালোচনার জন্য সত্যায়িত অনুলিপি সংগ্রহের অনুমতি চাওয়া হয়।

একই আবেদনে দুদক জানায়, সৈয়দা রোকেয়া বেগম তার স্বামীর সঙ্গে যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ৪ কোটি ৪৭ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন—এমন অভিযোগে তার বিরুদ্ধেও পৃথক মামলা রয়েছে। তদন্তের প্রয়োজনে তার আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দের আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত উভয়ের আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্র জব্দের নির্দেশ দেন।

Related Articles

Back to top button