ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম, না হলে দেশব্যাপী বিক্ষোভ

অনলাইন ডেস্ক: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ জানিয়েছে, গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক যুবদল নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার (২৪ জুন) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে দলটি সিদ্ধান্ত নেয়, বৃহস্পতিবারের মধ্যে মামলা প্রত্যাহার না করা হলে শুক্রবার (২৬ জুন) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

বৈঠক শেষে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) একজন জাতীয় নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক বক্তব্যের জেরে তার বিরুদ্ধে মামলা দায়েরকে তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন।

তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে শুক্রবার ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

অধ্যক্ষ ইউনুস আহমদ আরও বলেন, রাঙ্গামাটির লংগদু উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা পর্যায়ের এক নেতার ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি প্রশাসনের প্রতি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জরুরি বৈঠকে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা নেছার উদ্দিন এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button