ভুয়া ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে নারী আটক

অনলাইন ডেস্ক: কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ভুয়া ডিজিএফআই (DGFI) সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে হাছিনা আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। হাছিনা আক্তার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পেকুয়া পৌরসভায় ভাড়া বাসায় বসবাস করছেন।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, ওই নারী বেশ কিছুদিন ধরে নিজেকে পেকুয়ায় কর্মরত ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিলেন। মঙ্গলবার রাতেও তিনি একইভাবে বিভিন্ন তথ্য জানতে চাওয়া এবং প্রভাব খাটিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করলে চেয়ারম্যানের সন্দেহ হয়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পেকুয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কী উদ্দেশ্যে ভুয়া পরিচয় ব্যবহার করছিলেন এবং তার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button