সচিবের কাছে ‘রেলবন্দর’ চাইলেন সংসদে ওভেন-ওয়াশিং মেশিন চাওয়া সেই এমপি

অনলাইন ডেস্ক: সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনের দাবি তুলে সম্প্রতি আলোচনায় আসা চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতের সংসদ সদস্য ড. মিজানুর রহমান এবার নিজ এলাকা রহনপুরে একটি পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনের দাবি জানিয়েছেন।

গতকাল শুক্রবার (১৯ জুন) বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গেলে তার কাছে এ দাবি তুলে ধরেন তিনি।

এর আগে, গত বুধবার (১৭ জুন) সংসদ অধিবেশনে বাজেট আলোচনায় স্পিকারের নিকট সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটের দরজা-জানালার পর্দা, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন এই সংসদ সদস্য।

রেলসচিবের সঙ্গে বৈঠকে এমপি মিজানুর রহমান রহনপুর স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দরে উন্নীত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি রহনপুর-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু, রাজশাহী-রহনপুর রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি, ট্রেনের বগি বাড়ানো, ২ নম্বর প্ল্যাটফর্ম ও ওভারব্রিজে শেড নির্মাণ এবং একটি ওয়াশফিড চালুর দাবি জানান।

এ সময় রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত থেকে তাদের ১০ দফা দাবিসংবলিত স্মারকলিপি রেলসচিবের কাছে হস্তান্তর করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি মিজানুর রহমান বলেন, রহনপুর স্টেশনের দুটি লাইন সম্প্রসারণের বিষয়টি সচিবকে অনুরোধ করা হয়েছে। তিনি দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। এছাড়া ঢাকার সাথে সংযোগকারী রাজশাহী পর্যন্ত শাটল ট্রেনের দাবি জানালে তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘রহনপুর স্টেশন থেকে প্রতি মাসে প্রায় ৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়। এখানকার লাইন দুটি বৃদ্ধি করা হলে রাজস্ব আদায় আরও অনেক বাড়বে। রহনপুরে রেলবন্দর বাস্তবায়ন করা সম্ভব হলে এটি একটি অন্যতম আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে পরিণত হবে।’

Related Articles

Back to top button