নাটোরে শিশু ধর্ষণের মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক: নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় জালাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (১৭ জুন) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্ট মাসে নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার দিন বিকেলে ওই শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী অভিযুক্ত জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে কৌশলে তার ঘরে ডেকে নিয়ে যান। পরে সেখানে তাকে ধর্ষণ করেন।

পরবর্তীতে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। ঘটনার পরপরই শিশুটির মা বাদী হয়ে নাটোরের গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা করেন।

মামলাটি প্রথমে নাটোরে রুজু হয় এবং নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে ১৭ জুন আদালত এ রায় দেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ বলেন, দেশে যেভাবে শিশু ধর্ষণের মতো অপরাধ বেড়ে চলেছে, তা প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারের সেই নীতির আলোকে এ রায় দেওয়া হয়েছে। আমরা মনে করি, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি যথার্থ বিচার পেয়েছে।

রায় ঘোষণা শেষে কড়া নিরাপত্তায় দণ্ডপ্রাপ্ত আসামি জালাল উদ্দিনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button