চাঁদা না দেওয়ায় ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে মারধর

অনলাইন ডেস্ক: ময়মনসিংহে চাঁদা না দেওয়া এবং নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী স্থানীয়দের কাছ থেকে না কেনায় এক ব্যাংক কর্মকর্তা, তার স্ত্রীসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গতকাল সোমবার (১৫ জুন) দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শেরপুরের বাসিন্দা নজরুল ইসলাম ময়মনসিংহ নগরের জনতা ব্যাংকের চরপাড়া শাখায় কর্মরত। ২০২৩ সালে তিনি নগরের ময়নার মোড় এলাকায় চার শতক জমি কিনে প্রায় ছয় থেকে সাত মাস আগে পাঁচতলা ভবনের ভিত্তিসহ একটি বাড়ির নির্মাণকাজ শুরু করেন।
অভিযোগ অনুযায়ী, নির্মাণকাজ শুরুর পর স্থানীয় সাইফুল ইসলাম (৪০) ও তার সহযোগীরা নজরুল ইসলামের কাছে চাঁদা দাবি করেন। পাশাপাশি নির্মাণসামগ্রী তাদের কাছ থেকে কেনার জন্য চাপ দেওয়া হয়। তবে নজরুল ইসলাম নিজস্ব পছন্দ অনুযায়ী মালামাল কিনে নির্মাণকাজ চালিয়ে গেলে অভিযুক্তরা ক্ষুব্ধ হন।
ভুক্তভোগীদের দাবি, সাইফুল ইসলাম ও তার সহযোগীরা একাধিকবার হুমকি দিয়ে বলেন, তাদের কাছ থেকে মালামাল না কিনলে নির্মাণকাজ করতে দেওয়া হবে না। সর্বশেষ রোববার বিকেলে তারা আবারও বাড়িতে গিয়ে নির্মাণসামগ্রী কেনার জন্য চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হামলার ঘটনা ঘটে।
হামলায় নজরুল ইসলাম, তার স্ত্রী মাসুমা হায়াত, তার ভাই আজিজুল ইসলাম এবং প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা সাকিম আহম্মেদ আহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা চাকু দিয়ে সাকিম আহম্মেদের মাথায় আঘাত করেন এবং অন্যদেরও মারধর করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে থাকা তিনজনের ওপর অতর্কিত হামলা চালান। পরে আরও কয়েকজন যোগ দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র হাতে আরও কয়েকজন হামলায় অংশ নেন। এ সময় বাধা দিতে গেলে নজরুল ইসলামের স্ত্রীও হামলার শিকার হন।
নজরুল ইসলামের স্ত্রী মাসুমা হায়াত বলেন, আমি বাসায় একাই থাকি। কয়েকদিন পরপর কিছু লোক এসে হুমকি দিত। রোববার ময়নার মোড়ের দিক থেকে কয়েকজন এসে হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। আমি বাধা দিতে গেলে আমাকেও মারধর করা হয়। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
নজরুল ইসলাম বলেন, ব্যাংক ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করছি। তারা চাঁদা দাবি করে এবং তাদের কাছ থেকেই মালামাল কিনতে বলে। আমি ভেবেছিলাম বিষয়টি হুমকির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু এভাবে হামলার শিকার হব, তা কল্পনাও করিনি। আমি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আহত সাকিম আহম্মেদ বলেন, আমরা তিনজন দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ ৫ থেকে ৭ জন দৌড়ে এসে হামলা চালায়। একপর্যায়ে একজন আমার মাথায় চাকু দিয়ে আঘাত করে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত সাইফুল ইসলাম আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি নগরের বলাশপুর কলমিস্ত্রি মোড় এলাকার বাসিন্দা।
সোমবার দুপুরে নজরুল ইসলাম বাদী হয়ে সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে চাঁদা না দেওয়ায় হামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ময়মনসসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, বাড়ি নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




