তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিনের উপহার

অনলাইন ডেস্ক: ভারতের তামিল চলচ্চিত্রে নায়কের আগমনী দৃশ্য মানেই এক অতিপ্রাকৃত ও রাজকীয় ব্যাপার। গত ১০ মে যখন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া সি জোসেফ বিজয় তামিলনাড়ুর নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন বাস্তব জগতের দৃশ্যটিও সিনেমার চেয়ে কম ছিল না। সেই হিসেবে বিজয়ের ক্যারিয়ারের প্রতিটি ধাপই ভক্তদের কাছে আলাদা আবেগের। তাই তার জন্মদিন ঘিরে উৎসবও থাকে বিশেষ। 

এবার সেই উৎসবকে আরও রঙিন করতে আগামী ১৯ জুন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর অন্যতম জনপ্রিয় ছবি ‘মার্সাল’ আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ২২ জুন বিজয়ের জন্মদিন উপলক্ষে চেন্নাই ও চেঙ্গালপাট্টুর নির্বাচিত প্রেক্ষাগৃহে ছবিটি পুনর্মুক্তি দেওয়া হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

২০১৭ সালে ১৮ অক্টোবর দীপাবলি উপলক্ষে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি পরিচালিত ‘মার্সাল’ ছিল বিজয়ের ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য। সিনেমাটিতে তিনি একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করেন-একজন বাবা ও তার দুই ছেলে।

Actor Vijay thanks those who supported him when Mersal faced opposition

দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও ‘মার্সাল’-এর জনপ্রিয়তা কমেনি। মূলত শুধু বিজয়ের তারকাখ্যাতি নয়; ছবির মধ্যে সামাজিক বার্তা, আবেগ, অ্যাকশন, পারিবারিক নাটক ও বিনোদনের এমন মিশেল রয়েছে, যা আজও দর্শকদের আকর্ষণ করে।

বিশেষ করে বর্তমান সময়ে বিজয় যখন সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত এবং মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তখন তার পুরোনো জনপ্রিয় ছবিগুলোর প্রতি ভক্তদের আবেগ আরও বেড়েছে।

সিনেমাটিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু, কাজল আগরওয়াল, নিত্যা মেনন, এস জে সূর্য, সত্যরাজ, ভাদিভেলু, কোভাই সারালা, হারিশ পেরাডি ও আরও অনেকে।

বিশেষ করে খলচরিত্রে এস জে সূর্যের অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। অপরদিকে তিন নায়িকার উপস্থিতি ছবিকে আরও বাণিজ্যিক আবেদন দেয়।

Mersal (2017) - IMDb

জানা যায়, ‘মার্সাল’ বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটি রুপি আয় করে। এটি সেই সময়ের সবচেয়ে সফল তামিল ছবিগুলোর একটি ছিল। চীনে মুক্তি পাওয়া প্রথম তামিল ছবি ছিল ‘মার্সাল’।

অনেকেই মনে করছেন, রাজনৈতিক ব্যস্ততার কারণে বিজয় হয়তো আর নিয়মিত অভিনয়ে ফিরবেন না। তাই বড় পর্দায় তাকে দেখার প্রতিটি সুযোগ এখন ভক্তদের কাছে আরও মূল্যবান।

উল্লেখ্য, গত ১০ মে সকালে চেন্নাইয়ের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া সি জোসেফ বিজয়। 

Related Articles

Back to top button