প্রস্তাবিত বাজেট ‘গণবিরোধী ও লুটপাটের’: অভিযোগ জামায়াতে ইসলামীর

অনলাইন ডেস্ক: প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘গণবিরোধী ও লুটপাটের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, বাজেটের আকার বড় হলেও এটি মূলত অতিমাত্রায় ঘাটতি ও ঋণনির্ভর। এতে জনমুখী সংস্কার বা অর্থনৈতিক রূপান্তরের কোনো সুস্পষ্ট প্রতিফলন নেই। তিনি অভিযোগ করেন, অতীতের মতোই রাজস্ব আহরণে উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তবে তা অর্জনের কোনো বাস্তবভিত্তিক পথনকশা বাজেটে নেই।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, এই বাজেটে ধনীরা তুলনামূলক বেশি সুবিধা পেলেও মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর করের চাপ আরও বাড়বে। বাজেটের প্রায় ৭০ শতাংশই পরিচালন ব্যয়, বেতন-ভাতা ও সুদ পরিশোধে ব্যয় হবে, যা উন্নয়ন ব্যয়ের তুলনায় বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি করেছে। এছাড়া উন্নত জাতি গঠনের জন্য অপরিহার্য শিক্ষা ও দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় অগ্রাধিকার এবং সামাজিক সুরক্ষা খাতে প্রকৃত দরিদ্রদের জন্য লক্ষ্যভিত্তিক পরিকল্পনার ঘাটতি রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়লেও তা মূলত রাজনৈতিক জনপ্রিয়তা অর্জনের একটি কৌশল মাত্র।

ঢাকা মহানগর দক্ষিণ শাখার পাশাপাশি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগেও এদিন রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, প্রস্তাবিত বাজেট নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানাতে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করবে জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

Related Articles

Back to top button