গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত কমপক্ষে ৬ জন

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজায় একটি বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। গতকাল শনিবার (০৬ জুন) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

আল-জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানিয়েছেন, বিয়ের অংশ হিসেবে স্থাপিত তাঁবুতে বা এর আশপাশে একাধিক প্রজেক্টাইল বিস্ফোরণ ঘটে। বোমার বারুদের টুকরো আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে পাশের স্কুলেও এর প্রভাব পড়েছে, যেখানে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল।

তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কোথায় এবং কখন এই হামলা হয়েছে, তা জানায়নি আল-জাজিরা।

আল শিফা হাসপাতালের এক সূত্র নিশ্চিত করেছে, নারী ও শিশুরাও হতাহতের মধ্যে রয়েছেন। 

বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া এক আত্মীয় জানিয়েছেন, তাঁবুটি ছিল পরিপূর্ণ। কয়েক মিনিটের ব্যবধানে আনন্দের এই অনুষ্ঠান রক্তাক্ত ও শোকের মুহূর্তে পরিণত হয়েছে। 

তিনি বলেন, ফিলিস্তিনিরা সবসময় এই উদ্বেগ আর ভয় নিয়েই বাস করে, কারণ যে কোনো সময় এ ধরনের হামলা হতে পারে। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Back to top button