সান মারিনোতে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা চৌধুরী

অনলাইন ডেস্ক: সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে পূর্ণাঙ্গ দল নিয়ে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। সর্বশেষ গতকাল মঙ্গলবার (২ জুন) রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী।

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচকে সামনে রেখে গত সোমবার দেশটিতে পৌঁছায় জামাল ভূঁইয়ারা। একই দিনে জাতীয় দলের সঙ্গে যোগ দেন সামিত সোম। পরে ভোররাতে দলে যুক্ত হন জায়ান আহমেদ এবং বিকেলের অনুশীলনেও অংশ নেন তিনি। সর্বশেষ হামজার আগমনের মধ্য দিয়ে দলের সব সদস্য এখন সান মারিনোতে অবস্থান করছেন।

দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টার ভ্রমণ শেষে পৌঁছানোর দিন খেলোয়াড়রা রিকভারি সেশন করেন। পরদিন থেকে শুরু হয় পূর্ণাঙ্গ অনুশীলন। দলের ম্যানেজার আমের খান জানান, ‘গতকাল আমাদের অনুশীলনের সময় ছিল ঠান্ডা আবহাওয়া। আজ প্রচন্ড গরম, একেবারে বাংলাদেশের মতো। দুই দিন একেবারে ভিন্ন আবহাওয়া।’

সান মারিনো বাংলাদেশের সময়ের চেয়ে চার ঘণ্টা পিছিয়ে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়, বাংলাদেশ সময় রাত ১০টায় অনুশীলনে নামে বাংলাদেশ দল। প্রায় দেড় ঘণ্টার অনুশীলন শেষে প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন ফুটবলাররা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ জুন, বাংলাদেশ সময় রাত ১১টায়।

বাংলাদেশের প্রধান কোচ থমাস ডুলি বলেন, ‘ঢাকা থেকে ছয় ঘণ্টা আফ্রিকা, এরপর সেখানে ছয় ঘণ্টা অপেক্ষা করে ইতালির ফ্লাইট। ইতালিতে আসার পর কয়েক ঘণ্টা ভ্রমণ শেষে সান মারিনোতে পৌঁছাই আমরা। খেলোয়াড়রা ইউরোপের মাটিতে তাদেরই দলের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছে। তারা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে পেছনের দল হলেও ইতালি, জার্মানি ও স্পেনের মতো দলের সঙ্গে খেলে। এটা আমাদের জন্য অনেক কঠিন ম্যাচ, এরপরও আমরা নিজেদের সব কিছুই করছি।’

ফাহমিদুল ইসলাম ইতালিতে থাকেন। সান মারিনো ইতালির মধ্যে একটি স্বাধীন ক্ষুদ্র দেশ। তাই এখানকার আবহাওয়া ও সংস্কৃতি ফাহমিদুলের চেনা, এ নিয়ে তিনি বলেন, ‘আমার পরিচিত পরিবেশ। চেষ্টা করব আমার অভিজ্ঞতা দলের সঙ্গে শেয়ার করার। আমরা সবাই এক্সাইটেড ইউরোপে ম্যাচ খেলার জন্য এবং আমরা জিততে চাই।’

Related Articles

Back to top button