তৃণমূলের জন্য বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিডা চেয়ারম্যান

অনলাইন ডেস্ক: দেশের সব পর্যায়ের ভোক্তার জন্য ঢালাওভাবে নয়, বরং কেবল তৃণমূল শ্রেণির দরিদ্র মানুষের স্বার্থে বিদ্যুতে ভর্তুকি বজায় রাখার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশীক চৌধুরী। গতকাল রোববার (১৭ মে) রাজধানীর আইইবি ভবনে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) আয়োজিত ‘বাংলাদেশের বিদ্যুৎ খাতের অর্থনৈতিক সংকট ও ব্যবস্থাপনা’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বিডা চেয়ারম্যান বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তুকির সঠিক বণ্টন নিশ্চিত করা জরুরি, যাতে প্রকৃত সুবিধাভোগীরাই সরকারের এই সহায়তার সুফল পান।
বিদ্যুৎ খাতের অন্যতম বড় সংকট ‘ক্যাপাসিটি চার্জ’ নিয়ে সেমিনারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেন আশীক চৌধুরী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে যেসব জটিল বৈদেশিক চুক্তি বিদ্যমান রয়েছে, আন্তর্জাতিক আইন মোতাবেক সরাসরি সেসব চুক্তি থেকে বের হয়ে আসা অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ। অনেক ক্ষেত্রে আইনি জটিলতা ও আন্তর্জাতিক আদালতে জরিমানার মুখোমুখি হওয়ার চেয়ে বিদ্যমান নিয়মে ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা তুলনামূলকভাবে সহজ ও কৌশলগতভাবে নিরাপদ। এই বাস্তবতাকে মেনে নিয়েই বিদ্যুৎ খাতের অর্থনৈতিক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী সংস্কার আনতে হবে।
বাংলাদেশের অর্থনীতি মূলত উৎপাদননির্ভর উল্লেখ করে বিডা চেয়ারম্যান বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎসহ অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। সেমিনারে তিনি দেশের সৌরবিদ্যুৎ খাতের নানাবিধ উন্নয়ন, ব্যবস্থাপনা, গ্রিড সংযোগ এবং বিপণনের বহুমাত্রিক দিকগুলো বিশদভাবে তুলে ধরেন। সাধারণ মানুষের দোরগোড়ায় পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ সেবা সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়ার জন্য সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বা পাবলিক-প্রাইভেট যৌথ ব্যবস্থাপনার ওপর জোর দেন তিনি।
আইইবি ভবনে অনুষ্ঠিত এই সেমিনারে দেশের বিদ্যুৎ ও প্রকৌশল খাতের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা অংশ নিয়ে তাদের মতামত প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির মোস্তফা খান এবং পাওয়ার গ্রিড বাংলাদেশের সাবেক চেয়ারম্যান রেজওয়ান খানসহ খাত-সংশ্লিষ্ট প্রকৌশলী ও গবেষকবৃন্দ।




