ক্রিস কোলম্যানের এজেন্ট মোটা অঙ্কের কমিশন চায়

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ নিয়ে টালবাহানা চলছে। ১৫ মে কোচের নাম ঘোষণার কথা বলে উধাও। কোনো খবর নেই। ঘোষিত তারিখে নাম প্রকাশ না করা গেলে আনুষ্ঠানিকভাবে জানালেই হতো-আমরা আরও সময় চাই। কিন্তু হয়েছে তার উলটো। কোচ নিয়োগে বাফুফে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে টাকা চেয়েছে। মন্ত্রণালয়েও রাজি কিন্তু তারপরও কোচ নিয়োগ চূড়ান্ত করতে পারেনি বাফুফে। 

ফুটবল অঙ্গনের খবর ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানকে বাংলাদেশ দলের কোচ করতে চায় বাফুফে। প্রায় ৩০ লাখ টাকা বেতন দাবি করেছেন তিনি। সঙ্গে সহকারী কোচের বেতন আরও প্রায় ৬ লাখ টাকা। এই বেতনে নাকি বাফুফে রাজি। তবে নতুন করে সমস্যা তৈরি হয়েছে কোচ নিয়োগে এজেন্টকে বড় অঙ্কের অর্থ দিতে হবে। এটা কমিশন। 

ফুটবল পৃথিবীতে এই নিয়ম রয়েছে, কমিশন দিতে হয়। শোনা গেছে কমিশন এজেন্ট প্রায় ৪০ লাখ টাকা দাবি করেছে। সেই সঙ্গে এই টাকা কে দেবেন, কোচ নাকি নিয়োগ কর্তা বাফুফে। এ সব নিয়ে কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

গতকাল তিনি ঢাকা স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিকস এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কোচের বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে কোলম্যানের এজেন্টের সাথে বাফুফের আলোচনা চলছে। এজেন্টের সাথে এখনো চূড়ান্ত বোঝাপড়া শেষ হয়নি। তাই কোলম্যানকে বাংলাদেশ দলের কোচ হিসেবে নিশ্চিতভাবে পাওয়া যাবে কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’

আমিনুল হক বলেন, ‘যদি কোনো কারণে এজেন্টের সাথে আলোচনা ব্যর্থ হয়, তবে বিকল্প কোচের বিষয়েও ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিকল্প তালিকা নিয়ে আলোচনা চলছে।’ সমস্যা এখানেই শেষ হয়নি, কোচ ক্রিস কোলম্যানের বেতনের ওপর যে আয়কর সেটি কে দেবে। এটাও দুশ্চিন্তা তৈরি করছে।

Related Articles

Back to top button