ফেসবুক পোস্টের সূত্র ধরে ভারতে নিখোঁজ যুবককে ফেরালো বিজিবি

অনলাইন ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে চলে যাওয়া মানসিক ভারসাম্যহীন এক যুবককে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। ভারতীয় একটি ফেসবুক আইডিতে তার ছবি প্রকাশ হওয়ার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে তাকে উদ্ধার করা হয়।
শনিবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের মেইন পিলার ১৫৭ /২-এস–এর কাছে বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ওই যুবককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
ওই যুবকের নাম মো. বকুল মণ্ডল (২৫)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের মরারপাড়া গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মানসিক ভারসাম্যহীন।
বিজিবি জানায়, প্রায় এক সপ্তাহ আগে বকুল বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে গত শুক্রবার মাইকিং করে নিখোঁজ সংবাদ প্রচার করে। পরে ফেসবুকে একটি ভারতীয় আইডিতে দেখা যায়, বকুল ভারতের কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা কুষ্টিয়া ৪৭ বিজিবির দায়িত্বপ্রাপ্ত চিলমারী বিওপিকে জানায়। এরপর বিজিবি দ্রুত বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। বিএসএফ সংশ্লিষ্ট ফেসবুক আইডির মালিকের সহায়তায় বকুলকে গতকাল শনিবার আটক করে এবং রাতেই পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন চিলমারী কোম্পানি কমান্ডার সুবেদার মো. মোশারফ হোসেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চরভদ্রা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসআই নীতীন কুমার।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল বলেন, রোববার (১৭ মে) সকালে বকুলকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যক্রম দেখা গেলে দ্রুত বিজিবিকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।




