বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে নেই এস্তেভাও!

অনলাইন ডেস্ক: কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের সবচেয়ে ধারাবাহিক ফুটবলার ছিলেন এস্তেভাও উইলিয়ান। ইতালিয়ান এই কোচের অধীনে ৭ ম্যাচে ৫ গোল করার পাশাপাশি ৫টি অ্যাসিস্টও করেছেন তিনি। সেই এস্তেভাও ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। এমনটা জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম।
এপ্রিল মাসের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন এস্তেভাও। অনেকে মনে করেছিলেন, দ্রুত সেরে উঠে বিশ্বকাপ দলে জায়গা করে নেবেন তিনি। তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ব্রাজিল ও চেলসির চিকিৎসক দল টুর্নামেন্টের আগে এস্তেভাওয়ের শতভাগ ফিট হয়ে ওঠার নিশ্চয়তা দিতে পারেনি।

পাশাপাশি এস্তেভাও নিজেও নাকি বুঝতে পেরেছেন, বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম। গত সপ্তাহে চিকিৎসার জন্য সাবেক ক্লাব পালমেইরাসে ফেরার পর এস্তেভাওকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল বলেও জানিয়েছে সূত্রগুলো।
আর তাই এস্তেভাওকে বাদ দিয়েই ব্রাজিল কোচ আনচেলত্তি বিশ্বকাপে ৫৫ জনের প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছেন বলে জানিয়েছে ইএসপিএন। চেলসির এই উইঙ্গারের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিতে না পারার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ও।

ফিফার নিয়ম অনুযায়ী, জাতীয় দলগুলোর ১১ মের মধ্যে ৫৫ জনের প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার কথা ছিল। এ তালিকা প্রকাশ করা না হলেও চূড়ান্ত ২৬ সদস্যের দল কেবল এ তালিকা থেকেই বেছে নিতে হয়।




