কথিত প্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব, ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক: চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগের বিষয়টি স্রেফ গুজব ও ভিত্তিহীন দাবি করে তা নাকচ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই বিবৃতি দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির সমালোচনা করে এ ধরনের পদক্ষেপকে নিন্দনীয় ও হতাশাজনক বলে উল্লেখ করেছেন তিনি।

গতকাল শনিবার (২৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী ফেসবুক পোস্টে লিখেছেন, কথিত প্রশ্নফাঁসের প্রচারণাটি যে স্রেফ একটি গুজব, তা ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এমতাবস্থায় ‘২৪ এর গণঅভ্যুত্থানের পটভূমিতে জন্ম নেয়া তরুণদের রাজনৈতিক দল- এনসিপির পক্ষ থেকে কোনো রকম ফ্যাক্টচেক না করেই সম্পূর্ণ ভিত্তিহীন প্রপাগান্ডার বিষয়ে এ ধরনের বিবৃতি প্রদান কেবল নিন্দনীয়ই নয় বরং নিদারুণ হতাশাজনক। 

এর আগে শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, এসএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে প্রচারণা চালায় একটি সংঘবদ্ধ চক্র। তাদের এ প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই সেসব প্রশ্নপত্র কিনেছেন, যার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় চক্রটি।

Related Articles

Back to top button