অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন

অনলাইন ডেস্ক: ছোট পর্দা ও চলচ্চিত্র অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন (ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার রাজধানীর আফতাবনগরে তার মৃত্যু হয়।

‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’-এর অফিশিয়াল ফেসবুক পেজে তার মৃত্যুর খবর জানানো হয়। 

অভিনয়শিল্পী সংঘ এক শোকবার্তায় জানায়, সংগঠনের সম্মানিত সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

পরিবার সূত্রে জানা গেছে, এই প্রবীণ অভিনেতা দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। গত ডিসেম্বর মাসে তার খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। 

চিকিৎসকরা জানিয়েছিলেন, রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। এরই মধ্যে তার তিন দফা কেমোথেরাপি সম্পন্ন হয়েছিল। 

সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) ভর্তি করা হয়েছিল। বিষয়টি জানিয়েছিলেন অভিনেতার ছেলে তাছফিক।

দীর্ঘ কর্মজীবনে তারিকুজ্জামান তপন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। বিশেষ করে কৌতুক চরিত্রে তার সাবলীল অভিনয় দর্শকদের মাঝে আলাদা জায়গা করে নিয়েছিল। 

‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’সহ অসংখ্য কালজয়ী নাটক ও সিনেমায় তিনি অভিনয় করেছেন। তার প্রয়াণে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button