ঘিওরে নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কালীগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পূর্ব কুমুলী এলাকা সংলগ্ন কালীগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঘিওর থানা পুলিশকে জানানো হলে একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পূর্ব কুমুলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। সূত্র ও ছবি: দৈনিক ইত্তেফাক

Related Articles

Back to top button