রূপগঞ্জে খেলবেন মিরাজ ও লিটন

অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগে একই জার্সিতে খেলবেন জাতীয় দলের সাদা বলের দুই অধিনায়ক লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। এবারের আসরে দুজনই খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। লম্বা সময় ধরে ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিলেও এখনো শিরোপার স্বাদ পায়নি রূপগঞ্জ।
২০১৮-১৯ ও ২০২১-২২ মৌসুমে রানার্স-আপ হওয়াই তাদের সেরা সাফল্য। দুই অধিনায়ককে দলে ভিড়িয়ে এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় দলটি।
রূপগঞ্জে যোগ দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের লক্ষ্য পরিষ্কার করেন মিরাজ। বলেন, ‘অবশ্যই লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া। দলটি অনেক ভালো। সবাই যদি একসঙ্গে ভালো সমন্বয় রেখে খেলতে পারি, আশা করি, আমরা চ্যাম্পিয়ন হতে পারবো।’
লিটন দাস বলেন, ‘সিনিয়র ক্রিকেটার হিসেবে আমরা অবশ্যই চেষ্টা করবো। তবে আমাদের প্রথম দায়িত্ব জাতীয় দল। এরপর যতগুলো ম্যাচ খেলার সুযোগ পাব, চেষ্টা করবো ক্লাবকে সর্বোচ্চ সহায়তা করতে।’
দল নিয়ে আশাবাদী রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদলও। তিনি বলেন, ‘অধিনায়ক নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমাদের দলে দুই জন অধিনায়কই আছে। ওরাই ঠিক করবে কে নেতৃত্ব দেবে। তারা না থাকলে দলে থাকা অন্যদের মধ্য থেকে অধিনায়ক ঠিক করা হবে, ইনশাআল্লাহ।’
মিরাজ ও লিটন ছাড়াও দলে রয়েছেন সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, ইরফান শুক্কুর, হাবিবুর রহমান সোহান ও শরীফুল ইসলামের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাশাপাশি আশিকুর রহমান শিবলি, সামিউন বশির রাতুল ও স্বাধীন ইসলামের মতো তরুণরাও রয়েছেন দলে।




