রংপুরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে শিক্ষকের মৃত্যু

অনলাইন ডেস্ক: রংপুরে একটি পাম্পে মোটরসাইকেলের জন্য তেল নিতে গিয়ে হার্ট অ্যাটাকে মেহেদী হাসান (৩২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর টার্মিনাল এলাকার সুরমা ফিলিং স্টেশনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত মেহেদী হাসান নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। কর্মজীবনে তিনি লাহিড়ীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নগরীর টার্মিনাল এলাকার সুরমা ফিলিং স্টেশনে তেল নিতে লাইনে দাঁড়ান মেহেদী হাসান। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার হার্ট অ্যাটাক করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন মারা গেছে এমন তথ্য পেয়েছি। ঘটনাটির ডিটেইল সংগ্রহ করা হচ্ছে।




