আল্লু অর্জুনের জন্মদিন, বাড়ির সামনে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের লাঠিচার্জ

অনলাইন ডেস্ক: দক্ষিণী সিনেমার হার্টথ্রব নায়ক আল্লু অর্জুনের জন্মদিন বলে কথা। বুধবার ৪৪ বছরে পা দিলেন এই ‘স্টাইলিশ স্টার’। 

‘পুষ্পা’র জন্মদিন উপলক্ষে পুরো হায়দরাবাদজুড়েই ছিল উৎসবের আমেজ। অনুরাগীদের উন্মাদনাও আলাদা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, মঙ্গলবার (৭ এপ্রিল) রাত থেকেই দক্ষিণী তারকার জুবিলি হিলসের বাসভবনের বাইরে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। 

কারও হাতে ব্লকবাস্টার তারকার ছবি, ফেস্টুন, কেউ বা আবার আল্লুর সিনেমার চরিত্রের আদলে সেজে তারকার একটু দর্শন পাওয়ার অধীর অপেক্ষায়।

অনুরাগীদের একাংশ আবার প্রিয় তারকার জন্মদিন উপলক্ষে দেদার আতশবাজিও ফাটালেন। আর সেই জনসুনামির কারণেই চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষমেশ উন্মত্ত অনুরাগীদের উপর লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। তবে জন্মদিন উপলক্ষে প্রিয় তারকার তরফে সারপ্রাইজও কিন্তু পেলেন ভক্তরা।

এদিকে জন্মদিনের দিন গতকাল বুধবার (৮ এপ্রিল) সকাল সকালই প্রকাশ পায় আল্লু অর্জুনের মেগাবাজেট সিনেমার প্রথম লুক। 

‘জওয়ান’ পরিচালক অ্যাটলি পরিচালিত এই কল্পবিজ্ঞান ছবির বাজেট ৮০০ কোটি টাকা। পুনর্জন্মের কাহিনি অবলম্বনে তৈরি এই ছবিতে আল্লুর সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাডুকোন।

আর আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে সেই সিনেমারই নাম ও লুক প্রকাশ্যে নিয়ে এলেন নির্মাতারা। ‘রাকা’ নামক এই ছবিতে একেবারে পাশবিক অবতারে ধরা দেবেন ‘পুষ্পা’। 

পোস্টারেই দেখা গেল ন্যাড়া মাথা, তীক্ষ্ম নখ, পশুর মতো লোমশ শরীর। আর বিশেষ দিনে দক্ষিণের এই মেগাস্টারের এমন ‘জান্তব দর্শনে’ অনুরাগীদের কৌতূহলের পারদ যে তুঙ্গে, তা বলাই বাহুল্য।

Related Articles

Back to top button