পরকীয়ার কথা স্বীকার করে অভিনেতা বললেন, ‘আগে ভালো স্বামী ছিলাম না’

‘অনলাইন ডেস্ক: বলিউডের বহুমাত্রিক শিল্পী পীযূষ মিশ্র নিজের ব্যক্তিজীবনের এক কঠিন অধ্যায় নিয়ে আবারও খোলামেলা কথা বলেছেন। নিজের ভুল, সম্পর্কের ভাঙন এবং দীর্ঘ আত্মসমালোচনার অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন এক সোজাসাপটা ভঙ্গিতে।

সম্প্রতি তার উপন্যাসধর্মী স্মৃতিকথা ‘তুমহারি আকাত কেয়া হ্যায়, পীযূষ মিশ্র’-এ তিনি বিবাহিত জীবনের টানাপোড়েন, বিশেষ করে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে অকপটে লিখেছেন। এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ আরও বিস্তারিতভাবে তুলে ধরে তিনি স্বীকার করেন, একসময় তিনি ভালো স্বামী ছিলেন না।

পীযূষ বলেন, “এখন আমি একজন ভালো স্বামী, কিন্তু আগে ছিলাম না। তখন দায়িত্ববোধের অভাব ছিল। অথচ বিয়ে একটি বড় দায়িত্ব।”

তরুণ বয়সের প্রেম ও পরিণত বয়সের ভালোবাসার পার্থক্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বিশের কোঠায় আবেগই বেশি কাজ করে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভালোবাসার মানে বদলে যায়। তখন জীবনের শেষ পর্যন্ত পাশে থাকার মতো মানুষই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

নিজের স্ত্রী প্রিয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। দীর্ঘদিন নিজের ভুল বুঝতে না পারা এবং বিবাহবহির্ভূত সম্পর্ক গোপন রাখার বিষয়টি স্বীকার করে তিনি জানান, একসময় আর সত্য লুকিয়ে রাখা সম্ভব হয়নি। সবকিছু খুলে বলার পরই তার জীবনে বড় পরিবর্তন আসে।

পীযূষের মতে, সত্য বলা যত কঠিনই হোক, সেটিই একটি সম্পর্ককে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করে। সততাই শেষ পর্যন্ত তাদের সম্পর্ককে আবার দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে পেরেছে।

দীর্ঘ ১৫ বছর পর এসে তিনি উপলব্ধি করেছেন, জীবনের সবচেয়ে বড় বিষয় হলো পাশে থাকা মানুষটির মূল্য বোঝা। আর এই উপলব্ধিই তার জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে।

Related Articles

Back to top button