সংসদে বিরল ইতিহাস, সরকারি দলের সংসদ সদস্যের মুলতবি প্রস্তাব গ্রহণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দলের একজন সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ ঘটনাকে ৫৩ বছরের সংসদীয় ইতিহাসে একটি বিরল নজির হিসেবে উল্লেখ করেছেন।

গতকাল বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। পরে স্পিকার তা গ্রহণ করে আলোচনার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করেন।

প্রস্তাব উত্থাপন করে জয়নুল আবদিন ফারুক বলেন, দীর্ঘ আন্দোলন ও রাজনৈতিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ প্রণীত হয়েছে, যা দেশের ভবিষ্যৎ পথনির্দেশনা হিসেবে বিবেচিত। তিনি কার্যপ্রণালী বিধির ৬২ ধারা অনুযায়ী সংসদের কার্যক্রম স্থগিত রেখে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, এই সনদে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন প্রণয়ন ও সংস্কারের প্রস্তাব রয়েছে, যা নিয়ে সংসদে গভীর আলোচনা হওয়া জরুরি।

স্পিকার প্রস্তাবটি গ্রহণ করে বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কার্যপ্রণালী বিধির ৬৫(২) ধারা অনুযায়ী তা আলোচনার অনুমতি দেওয়া হলো। তিনি জানান, আগামী ৫ এপ্রিল রবিবার দিনের শেষ কার্যসূচি হিসেবে এ প্রস্তাবের ওপর সর্বোচ্চ দুই ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।

স্পিকার আরও বলেন, স্বাধীনতার পর থেকে এটাই প্রথম ঘটনা, যখন ট্রেজারি বেঞ্চের কোনো সদস্য মুলতবি প্রস্তাব উত্থাপন করলেন এবং তা গ্রহণ করা হলো।

Related Articles

Back to top button