বিশ্বকাপ ধরে রাখার মিশনে শেষ পরীক্ষা আর্জেন্টিনার, জাম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই মেসি

অনলাইন ডেস্ক: বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মহাযজ্ঞে নামার আগে ঘরের মাঠে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মঙ্গলবার (৩১ মার্চ) জাম্বিয়ার বিপক্ষে এই প্রীতি ম্যাচে আলবিসেলেস্তেদের আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন মহাতারকা লিওনেল মেসি। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

গত শুক্রবার মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানের ঘামঝরানো জয়ে সাইডবেঞ্চে থেকে ম্যাচ শুরু করেছিলেন মেসি। তবে ঘরের মাঠে বিদায়ী ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘আগামীকালের ম্যাচে মেসি শুরুর একাদশেই থাকছেন। এটি আমাদের জন্য চূড়ান্ত মহড়া।’

৩৮ বছর বয়সী মেসি আনুষ্ঠানিকভাবে পরবর্তী বিশ্বকাপে খেলার ঘোষণা না দিলেও বাছাইপর্বের প্রতিটি ধাপে তার সক্রিয় অংশগ্রহণ ছিল সরব। তাত্ত্বিকভাবে এটিই মেসির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে উল্লেখ করে স্কালোনি বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো সে মাঠে আসছে এবং খেলাটা উপভোগ করছে। আমরা চাই সে এই মুহূর্তগুলো উপভোগ করুক, কারণ পরে এই ধরনের আসরগুলো সে খুব মিস করবে।’

মৌরিতানিয়ার বিপক্ষে দলের সাদামাটা পারফরম্যান্সে কিছুটা অসন্তুষ্ট কোচ স্কালোনি। তিনি স্পষ্ট করে দিয়েছেন, জাম্বিয়ার বিপক্ষে তার তুরুপের তাসদের ওপরই ভরসা রাখছেন। তিনি বলেন, ‘দলের পারফরম্যান্স গতদিনের মতো (মৌরিতানিয়া ম্যাচ) হবে না বলেই আমি বিশ্বাস করি। যারা দীর্ঘদিন আমাদের সাথে আছে, তারা কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।’

ইতিমধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা জমা দিয়েছেন স্কালোনি। তবে মে মাসের শেষে ঘোষণা করা হবে চূড়ান্ত ২৬ সদস্যের দল। স্কালোনির ভাষ্যমতে, তালিকায় কারা থাকছেন সে বিষয়ে আমার স্বচ্ছ ধারণা আছে। তবে আমরা নিখুঁত একটি দল নিয়ে বিশ্বকাপে যেতে চাই। গত ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়।

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা এবারও শিরোপার অন্যতম দাবিদার। জাম্বিয়ার বিপক্ষে এই ম্যাচটিকেই স্কালোনি তার দলের শক্তির চূড়ান্ত পরীক্ষা হিসেবে দেখছেন, যার ওপর ভিত্তি করেই সাজানো হবে বিশ্বজয়ের চূড়ান্ত রণকৌশল।

Related Articles

Back to top button