লঞ্চে অসুস্থ নবজাতককে উদ্ধার করে হাসপাতালে পাঠালো কোস্ট গার্ড

অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জের মেঘনা নদীতে লঞ্চে অসুস্থ তিন দিনের এক নবজাতককে উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার এক ব্যক্তি তার অসুস্থ শিশুকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য এমভি সম্পদ লঞ্চে করে ভোলার ইলিশা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। লঞ্চটি চাঁদপুরের মতলব উত্তর থানাধীন ষাটনল সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিক শিশুর বাবা কোস্টগার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে বিষয়টি অবগত করেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ স্পিডবোটে দ্রুত উক্ত লঞ্চে পৌঁছে। শিশুটিকে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য শিশুটিকে কোস্টগার্ডের বোট যোগে স্টেশন পাগলায় আনা হয়। অ্যাম্বুলেন্সে করে মা ও শিশু হাসপাতাল, শ্যামলীতে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button