মিয়ানমারে পাচারকালে ১৬০০ লিটার ডিজেল উদ্ধার, আটক ৭

অনলাইন ডেস্ক: মিয়ানমারে পাচারের সময় ১৬০০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ সাতজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
গতকাল শনিবার (২৮ মার্চ) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪৮ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ৬০০ লিটার ডিজেল, ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা ও ৪ টি ডিজেল ইঞ্জিনসহ ৭ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা মালামাল, পাচারে ব্যবহৃত আর্টিসানাল ট্রলিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।




