আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে বাড়ছে না তেলের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশে তেলের দাম না বাড়ানো সরকারের একটি বড় সফলতা বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তবে এই সুযোগে পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেল পাচার রোধে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল শনিবার (২৮ মার্চ) রাতে সংসদ ভবনে আয়োজিত সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বোরো মৌসুমে কৃষি উৎপাদন সচল রাখতে সরকার জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি সত্ত্বেও বিশাল অঙ্কের ভর্তুকি দিয়ে দাম স্থিতিশীল রাখা হচ্ছে।
তিনি বলেন, বিদ্যুৎ ও সারের সরবরাহ স্বাভাবিক রেখে কৃষি উৎপাদন সচল রাখাই এখন সরকারের প্রধান লক্ষ্য। বিশ্বের অনেক দেশে জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও বাংলাদেশে সুপরিকল্পিত ব্যবস্থার কারণে তেমন পরিস্থিতির সৃষ্টি হয়নি।
চোরাচালানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে তেলের দাম কম হওয়ায় পাচারের যে আশঙ্কা তৈরি হয়েছে, তা রোধে সীমান্ত ও সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর জন্য মন্ত্রণালয়গুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
১৩৩টি অধ্যাদেশের বিষয়ে তিনি বলেন, অধ্যাদেশগুলো পর্যালোচনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ লক্ষ্যে গঠিত বিশেষ কমিটি ইতোমধ্যে দুই দফা বৈঠকে বসেছে। আগামীকাল রবিবার রাত ৮টা ৩০ মিনিটে কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। এই কমিটির চূড়ান্ত রিপোর্ট আগামী ২ এপ্রিল সংসদে উপস্থাপন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান মেয়াদের প্রথম ৪০ দিন অতিবাহিত হওয়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশে বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের অগ্রগতির কথা জনগণকে অবহিত করার নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় বিএনপি দলীয় সংসদ সদস্যরা কী কী ভূমিকা রাখবেন সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সরকার দায়িত্ব নেওয়ার পরে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, সরকার কীভাবে মোকাবিলা করেছে, এবং সংক্ষিপ্ত সময়ের অর্জনগুলো, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অধিকাংশ যে আমরা শুরু করতে পেরেছি, তা জাতির কাছে জানানো ও উপস্থাপন করা দরকার।’
মন্ত্রী বলেন, ‘সামনে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আসতে পারে। সেগুলো সংসদীয় পদ্ধতিতে আলাপ-আলোচনার বিষয়। কীভাবে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করব।’




