ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না: চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্বচ্ছতা বজায় রাখতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

গতকাল রোববার (১৫ মার্চ) দুপুরে অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির দ্বিতীয় বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সেই সব পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে এমন কোনো কাজ করা হবে না, যা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিতে পারে।

তিনি আরও বলেন, প্রতিটি মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই ট্রাইব্যুনালের লক্ষ্য। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে—সেই বিষয়টি নিশ্চিত করতেই স্বচ্ছতা বজায় রাখা জরুরি। ট্রাইব্যুনালের ভাবমূর্তি রক্ষায়ও কোনো ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন তিনি।

জানা যায়, চিফ প্রসিকিউটরের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের এ কমিটির অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।

কমিটির দায়িত্ব হলো প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত আছেন কি না, তা অনুসন্ধান করা। সম্প্রতি পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা দাবি করার অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করতে এ কমিটি গঠন করা হয়।

Related Articles

Back to top button