সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

অনলাইন ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা মির্জা আব্বাসের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এখন পর্যন্ত মির্জা আব্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

এর আগে গতকাল বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়। মির্জা আব্বাসের সঙ্গে তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল আছেন।

গত বুধবার ইফতারের সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয় মির্জা আব্বাসকে। এরপর নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকতে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলে।

Related Articles

Back to top button