সরকার একটি পূর্ণাঙ্গ প্যাকেজ নিয়ে এগিয়ে যাচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার একটি পূর্ণাঙ্গ প্যাকেজ নিয়ে এগিয়ে যাচ্ছে। খাল খনন কর্মসূচির উদ্বোধন হলে কৃষি জমির পাশাপাশি মাছ, হাঁসসহ অন্যান্য সেক্টরের মানুষ আর্থিকভাবে লাভবান হবে।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল পুনঃখনন কাজ উদ্বোধনের লক্ষ্যে এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল খাল খনন, পরিবেশ এবং কৃষি, অর্থনীতি এবং সবুজ বিপ্লব। তার ওই ধারাবাহিকতায় দিনাজপুরের কাহারলে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। খাল খনন প্রকল্প সম্পন্ন হলে কৃষিতে সেচের পানি ব্যবহার করে এই অঞ্চলে ধানসহ অন্যান্য ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে এবং সরাসরি জিডিপিতে ভাল প্রভাব পড়বে।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে সেদিন সারাদেশের ৫৩ টি এলাকায় খনন কর্মসূচি উদ্বোধন হবে। খাল খনন ও পুনঃখনন হলে নাব্যতা বৃদ্ধি পাবে শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা যাবে। সেই পানি কৃষকরা সে হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া খালের দুই পারে বৃক্ষরোপণ করা হবে। 

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম,কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলীসহ অনেকেই।

Related Articles

Back to top button