বন্যার টাকার হিসাব চেয়ে হট্টগোল― তোপের মুখে আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক: বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে বন্যার টাকার হিসাব চেয়েছেন এক ব্যক্তি। এ নিয়ে হট্রগোলও বেঁধে যায়।

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে এনসিপির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আয়োজন নিয়ে করা এক সংবাদ সম্মেলনের সামনে এ ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে আসিফ মাহমুদ বক্তব্য রাখেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, সংবাদ সম্মেলন শেষ করে চলে যাচ্ছিলেন এনসিপি নেতা আসিফ মাহমুদ। এমন সময় সামনে থেকে এক ব্যক্তি আসিফ মাহমুদকে প্রশ্ন করতে শুরু করেন।

তিনি বলেন, ‘আপনাদের কাছে বন্যার যে টাকাগুলো দেওয়া হয়েছিল, সেই টাকাগুলোর কি হিসাব এখন পাওয়া যাবে? বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছিল, সেই টাকাগুলো কোথায়।’

ভিডিওতে এ নিয়ে আসিফ মাহমুদের কোনো জবাব পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থলে ওই ব্যক্তিকে নিয়ে হট্টগোল শুরু হয়। সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে প্রশ্নকারী তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে পরিচয় দেন।

হট্টগোলের মধ্যে প্রশ্নকারী আফিস মাহমুদকে ‘সন্ত্রাস’ ও ‘মববাজ’ বলতে থাকেন। তিনি বলেন, ‘বন্যার টাকা কোথায় গেছে, সেটি কি আমি জানতে চাইতে পারি না। উনি (আসিফ মাহমুদ) কোটি টাকার গাড়িতে চড়েন, এই টাকা কই থেকে আসে।’

এ সময় ক্ষুব্ধ ব্যক্তি অভিযোগ করেন, জুলাইযোদ্ধাদের কোনো খোঁজখবর নেননি আসিফ মাহমুদ।

এদিকে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে তিন দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করতে যাচ্ছে এনসিপি। আয়োজনটির অংশ হিসেবে ঈদের দিন অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বর্ণাঢ্য ঈদের মিছিল।

এ আয়োজন বাস্তবায়নের জন্য একটি বাস্তবায়ন কমিটি এবং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি উপকমিটি গঠন করা হয়েছে। নাগরিক উদ্যোগে আয়োজিত এই উৎসবে সর্বসাধারণের আর্থিক সহায়তা গ্রহণ করা হবে। পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে যেকোনো তরুণ এই আয়োজনে যুক্ত হতে পারবেন বলেও জানিয়েছেন আয়োজকরা।

Related Articles

Back to top button