বর্তমান সরকারের যাত্রা শুরু হয়েছে ক্রাইসিসের মধ্য দিয়ে: রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক: বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ করার পরপরই বিশ্বজুড়ে চরম উত্তেজনা শুরু হয়েছে। ঠিক এই সময়েই সরকারের যাত্রা ক্রাইসিসের মধ্য দিয়ে শুরু হিসেবে উল্লেখ করেছেন ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আশুগঞ্জ উপজেলার সম্মানিত নাগরিকদের সম্মানে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।

বৈশ্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, ‘গোটা বিশ্ব একটি বিরাট করুণ পরিণতির দিকে যাচ্ছে। বিশ্ববাসী হয়তো একটি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছে।’

তিনি আশা প্রকাশ করে বলেন ‘আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই ক্রাইসিসের একটি সমাধান হোক।’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, নির্বাচন দলীয় প্রতীকে হোক বা না হোক সেটি বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচনটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়া।

তিনি আরও বলেন, এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিতে পারে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

তারুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন সাইমোল্লার সভাপতিত্বে আয়োজিত ওই ইফতার মাহফিলে উপজেলার গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় তিন হাজার মানুষ অংশ নেন।

Related Articles

Back to top button