সিলেটে সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় ৭০ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: সিলেট নগরীতে প্রকাশ্যে দিবালোকে একের পর এক ছিনতাইয়ের ঘটনার পর সাঁড়াশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৪ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ছিনতাইকারীসহ মোট ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল শনিবার (৭ মার্চ) বিকেলে মহানগর পুলিশের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এসব তথ্য জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ।

পোস্টে জানানো হয়, গ্রেপ্তার ৭০ জনের মধ্যে ৮ জন ছিনতাইকারী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসহ ১০ জন মাদককারবারী, ৫ জন মাদকসেবী এবং ২৬ জন অবৈধ ভারতীয় মালামাল চোরাচালানকারী রয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকে ১৯ জন সন্দেহভাজন ব্যক্তিকেও আটক করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানের সময় প্রায় ৩৯ লাখ ৩০ হাজার ১৬০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে সম্প্রতি নগরীর হাউজিং এস্টেট আবাসিক এলাকার সড়ক ও সাগরদিঘির পাড় এলাকায় সংঘটিত দুটি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূল অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Back to top button