প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব, পিএস-২ ও এপিএস-২ নিয়োগ

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত অনুবিভাগে অতিরিক্ত প্রেস সচিব ও একান্ত সচিবসহ গুরুত্বপূর্ণ তিনটি পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ জারি করা হয়। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই দায়িত্ব পেয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাংবাদিক আতিকুর রহমান রুমনকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এছাড়া প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (পিএস-২) পদে মো. মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) পদে আব্দুর রহমান সানিকে নিয়োগ দেওয়া হয়েছে। মেহেদুল ইসলাম গ্রেড-৪ এবং আব্দুর রহমান সানি গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন।
সরকারি এই আদেশে জানানো হয়েছে, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য আনুষঙ্গিক শর্তাবলি সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে আবু আবদুল্লাহ এম ছালেহর নিয়োগের পর একই দিনে এই কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো।




