পটুয়াখালী-৪ আসন

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৪ আসনে রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। রাঙ্গাবালী উপজেলায় অনুষ্ঠিত এক জনসভায় আওয়ামী লীগের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া গহিনখালী বাজারে বিএনপি আয়োজিত জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। জনসভাটি আয়োজন করা হয় পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের সমর্থনে।

জনসভায় উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় এবিএম মোশাররফ হোসেন নিজ হাতে আওয়ামী লীগ থেকে আগত নেতাকর্মীদের বিএনপিতে বরণ করে নেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘দেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। পটুয়াখালী-৪ আসনের জনগণ পরিবর্তনের পক্ষে। তারা ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবে। নির্বাচিত হলে আমি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবো।’

তিনি আরও বলেন, রাঙ্গাবালী উপজেলায় এখনো একটি পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকায় সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে। সংসদে শক্তিশালী প্রতিনিধিত্ব ছাড়া এসব দীর্ঘদিনের সমস্যা সমাধান সম্ভব নয়।

জনসভাকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

Related Articles

Back to top button